ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দিতে একটি খসড়া আইনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, যেসব বিদেশি স্বেচ্ছাসেবী ইউক্রেনকে সুরক্ষা দিতে অস্ত্র হাতে নিয়েছেন, যারা ইউক্রেনের স্বাধীনতার জন্য নিজের দেশ মনে করে লড়াই করেছেন, ইউক্রেন তাদের নিজেদের নাগরিক হিসেবে বিবেচনা করবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকেই হাজার হাজার বিদেশি নাগরিক ইউক্রেনের পক্ষে লড়ার জন্য দেশটিতে গেছেন এবং রুশ বাহিনীকে প্রতিহত করতে সহায়তা করছেন।
প্রস্তাবিত আইনে বিভিন্ন দেশের নাগরিকরা ইউক্রেনের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আগের পাসপোর্ট বজায় রেখেই তারা ইউক্রেনীয় পাসপোর্ট পাবেন। তবে এ ক্ষেত্রে রাশিয়ার নামটি বাদ পড়েছে।
যদিও পশ্চিমের কাছ থেকে নানা ধরনের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক উপকরণ নেওয়ার পাশাপাশি কিয়েভ যেসব বিদেশী যোদ্ধাদের নিযুক্ত করেছে, তাদের মধ্যে বেলারুশ এবং রাশিয়ার নাগরিকরাও আছেন। এই দুই দেশকে ‘আগ্রাসী দেশ’ বিবেচনা করে ইউক্রেন। কারণ রুশ বাহিনী বেলারুশ থেকেও ইউক্রেনে আক্রমণ করেছে।