বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ক্যামেরুন। সোমবার (২২ জানুয়ারি) দেশটির রাজধানী ইয়াউন্দের একটি স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়, ড্যানিয়েলা নামের এক শিশুকে টিকার প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে ম্যালেরিয়া রোগে যত মানুষের মৃত্যু ঘটে তার ৯৫ শতাংশ হয় আফ্রিকায়। সেখানে প্রতি বছর প্রায় ছয় লাখ মানুষ ম্যালেরিয়ায় মারা যায়। এদের মধ্যে অন্তত ৮০ শতাংশই শিশু যাদের বয়স পাঁচ বছরের কম।
ডব্লিউএইচওর তথ্যনুযায়ী, ক্যামেরুনে প্রতি বছর প্রায় ৬০ লাখ ম্যালেরিয়া রোগীর তথ্য রেকর্ড করা হয়। দেশটিতে ছয় মাস বয়স পর্যন্ত সব শিশুকে বিনামূল্যে ম্যালেরিয়ার আরটিএস, এস ভ্যাকসিন দেওয়া হবে। একজন রোগীকে মোট চারটি ডোজ টিকা নিতে হবে।
ক্যামেরুন চলতি বছর ও আগামী বছর প্রায় আড়াই লাখ শিশুকে ম্যালেরিয়ার টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই কর্মসূচিকে আফ্রিকা মহাদেশে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কয়েক দশকের দীর্ঘ প্রচেষ্টার একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।