সেজার সম্মাননায় ভূষিত হচ্ছেন ক্রিস্টোফার নোলান

গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে নোলানের ‘ওপেনহাইমার’ সর্বাধিক পুরস্কার পেয়েছে। সদ্য প্রকাশিত বাফটা পুরস্কারের মনোনয়নেও শীর্ষে ছিল ওপেনহাইমার। এবার অস্কারের দৌড়েও সবার নজর ওপেনহাইমারের দিকে।

ফ্রান্সের সম্মানসূচক ‘সেজার’ পুরস্কার দেওয়া হবে ‘ওপেনহেইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলানকে। সম্প্রতি ফ্রেঞ্চ অ্যাকাডেমি খবরটি জানিয়েছে। এই অ্যাওয়ার্ড ফ্রান্সের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম। ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় দেওয়া হচ্ছে এই সম্মানসূচক পুরস্কার। এটি ফ্রান্সে অ্যাকাডেমি পুরস্কারের সমতুল্য।  গত বছর ডেভিড ফিঞ্চার সেজার সম্মাননায় ভূষিত হন। এর আগে কেট ব্ল্যানচেট, রবার্ট রেডফোর্ড, জর্জ ক্লুনি এবং মাইকেল ডগলাসের মতো তারকাদের সেজারে সম্মানিত করা হয়েছে। ফ্রেঞ্চ অ্যাকাডেমি

কর্র্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এবারের আসরে ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানকে চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানসূচক সেজার প্রদান করা হবে।

আয়োজকরা বিবৃতিতে লিখেছে, ‘ক্রিস্টোফার নোলান একজন মাস্টার ডিরেক্টর। তিনি বাউন্ডারির বাইরে সিনেমা নির্মাণ করেন এবং স্থান ও সময়ের সীমানা ছাড়িয়ে দর্শকদের নিয়ে যেতে পারেন যে কোনো দৃশ্যে। তিনি সিনেমাকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেন।’

এ বছর সেজারের ৪৯তম আসর বসবে প্যারিসে। আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই জাঁকজমকপূর্ণ পুরস্কার অনুষ্ঠান।