আমার অভিনয়ে খুঁত আছে

অল্প সময়েই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। গেল বছরের ঈদুল ফিতরে অভিনয়ে অভিষেক ঘটে তার, এরমধ্যে প্রচারে এসেছে পাঁচটি নাটক। অভিনয় এবং রূপে মুগ্ধ করে তুলেছেন দর্শকদের। অভিনেত্রী জানান, আসছে ভালোবাসা দিবসে দুটি নাটকে দেখা যাবে তাকে। এরইমধ্যে শুটিং শেষ করেছেন মিজানুর রহমান আরিয়ানের ‘তখন যখন’ নাটকের। ‘লাভ লাইন’ নামে আরেকটি নাটকে অংশ নেবেন প্রবীর রায় চৌধুরীর পরিচালনায়।

তরুণ এই অভিনেত্রী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এমনিতেই কম কাজ করি। অন্যদের তুলনায় অনেক কম। এখন পর্যন্ত সাতটি নাটকের শুটিং শেষ করেছি, পাঁচটি প্রচার হয়েছে। আরও দুটি বাকি এবং একটি শুটিং করা বাকি। ভালো গল্প না হলে কাজ করছি না।’

নাজনীন নিহা আরও বলেন, ‘আমি তো এখনো নতুন। এখনো শিখছি। আমার অভিনয়ে অনেক খুঁত আছে জানি, তারপরেও দর্শকরা আমাকে এভাবে গ্রহণ করবেন, এত ভালোবাসা দেবেন এমনটা কখনো কল্পনাও করিনি। যেহেতু কম কাজ করেছি গত বছর তাই এ বছর কাজের সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করব। অন্তত প্রতি মাসে একটা নাটক যেন আসে। দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেটা যেন ধরে রাখতে পারি সেই চেষ্টাটা চালিয়ে যাব।’

এরমধ্যে নাটকের পাশাপাশি কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। বিজ্ঞাপন এবং নাটক দুটোই একসঙ্গে চালিয়ে যেতে চান নিহা। পাশাপাশি কাজ করতে চান ওটিটি প্লাটফর্মেও।    

ছোটবেলা থেকে নিহার ইচ্ছে ছিল ব্যবসায়ী হওয়ার কিন্তু অনেকটা হুট করেই বনে গেলেন মডেল। ফটোশুট থেকে বিজ্ঞাপন, আর এরপর নাটক। সেই থেকে এখনো চলছে। চলতে চান আরও অনেকটা পথ। অভিনয় নিয়ে স্বপ্ন আগে সেভাবে না দেখলেও মেহজাবীন চৌধুরীর অভিনয় সবসময় ভালো লাগত নিহার।