নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে গণপিটুনিতে মিলন নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার কাশেমের ছেলে। স্থানীয়দের অভিযোগ, মিলন ডাকাত দলের সর্দার ছিলেন।
এলাকাবাসী জানায়, মিলন তার বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বিভিন্ন সময়ে লোকজনের ওপর হামলা চালিয়ে বা বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ টাকা-পয়সা ডাকাতি করত সে। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করে। এরপর গতকাল রাতে তার দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করে এলাকাবাসী। তার জের ধরে গতকাল দুপুরে মিলনের নেতৃত্বে মোটরসাইকেলযোগে তার বাহিনী এলাকায় মহড়া দিয়ে কয়েকটি দোকান ভাঙচুর ও শাহজাহান নামে একজনকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। তখন বিক্ষুব্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে ডাকাত সদস্যদের ধাওয়া দিয়ে মিলনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ মিলনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘গণপিটুনির শিকার ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’