ফরিদপুরে ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

ফরিদপুরে ছাদ থেকে পড়ে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার ওয়াসিত্ত্ব টাওয়ার-২-এ ঘটনা ঘটে। মৃত ওই নারী চক্ষু চিকিৎসকের নাম ফিরোজা বেগম (৫৪)। তিনি ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ নিরঞ্জন কুমার ঢালীর স্ত্রী।

ডা. ফিরোজা বেগম প্রথমে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চক্ষু বিভাগে কর্মরত ছিলেন। পরে তিনি ফরিদপুরের জহুরুল হক চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কাজ করেছেন। অসুস্থ হওয়ায় দুই বছর ধরে তিনি বাড়িতেই থাকতেন। এই দম্পতির একটি মেয়ে রয়েছে।

নিরঞ্জন ঢালী ওয়াসিত্ত্ব টাওয়ারের সাততলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। সকালে তিনি হাসপাতালের উদ্দেশে বের হয়ে যান। তার মেয়ে ঘরে পড়াশোনা করছিল। ঘটনার আগে ফিরোজা বেগম দশতলার ওয়াসিত্ত্ব টাওয়ারের ছাদে পায়চারি করছিলেন। বেলা ১১টার দিকে ফিরোজা বেগম ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে এলাকাবাসী কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিরঞ্জন দাস জানান, তার স্ত্রী প্রায় আড়াই বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসাও চলছিল। গত রবিবার ঢাকা থেকে চিকিৎসা করিয়ে তাকে (ফিরোজা) ফরিদপুরে নিয়ে আসা হয়।