নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় তায়েবুর রহমান নামে এক আইনজীবীর অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার ভোলোবো ইউনিয়নের আতলাপুর বাজারে।
তায়েবুর রহমান বলেন, ‘আতলাপুর বাজারে ’ল হেল্প সেন্টার’ নামে একটি আইনি পরার্মশ কেন্দ্র রয়েছে। গত ইউপি নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। চেম্বারে সাধারণ মানুষের আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপও পরিচালনা করে আসছিলাম। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেই নির্বাচনে আমি শাহজাহান ভূঁইয়াকে সর্মথন করি। আর এ কারণে স্থানীয় নৌকার সর্মথক সজীব, রফিকুল ও রকির নেতৃত্বে ১৫-২০ জনের সন্ত্রাসী দল আমার অফিস ভাঙচুর করেছে। দুর্বৃত্তরা আমার অফিসের শাটার ভেঙে ভেতরের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভেঙে চলে যায়। অফিস ভাঙচুরের সময় আমি নারায়ণগঞ্জ জজ কোর্টে কর্মরত ছিলাম।’ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ওই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।