কী হয়েছে সাইফ আলি খানের?

পুরো বলিউড যখন অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আনন্দ উদযাপনে ব্যস্ত, সেই সময় অসুস্থ হয়ে পড়লেন বলিউড নবাব সাইফ আলি খান। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। 

সূত্রের খবর, হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। কিন্তু কীভাবে পেলেন এই আঘাত তা অবশ্য অজানা। হাসপাতালে অভিনেতার সঙ্গে রয়েছেন স্ত্রী কারিনা কাপুর খান।

জানা গেছে এই মুহূর্তে অস্ত্রোপচার চলছে তার। যদিও কিছু দিন আগে দিব্যি সুস্থ ছিলেন অভিনেতা। স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে নতুন বছরে ঘুরেও এলেন বিদেশ থেকে। তার মাঝেই এই বিপত্তি।

তবে সাইফের হাঁটুতে এর আগেও বেশ কয়েকবার চোট লাগে। প্রথমবার হাঁটুতে চোট পেয়েছিলেন বহু বছর আগে, ‘ক্যায়া কেহনা’ ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুট করার সময়। তার পর ২০১৬ সালে ‘রেঙ্গুন’ ছবির শুটিং করতে গিয়ে। সেই সময়ও অস্ত্রোপচার করাতে হয় তাকে। এবার ফের কী হল ‘ছোট নবাব’-এর! জল্পনা বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে সাইফ-কারিনার তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।