নেতানিয়াহুর আগ্রাসনে বড় ধাক্কা, একদিনে ২৪ ইসরায়েলি সেনা নিহত

গাজায় চলমান আগ্রাসনে বড় ধরনের ধাক্কা খেয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে অভিযান চালানোর সময় পাল্টা হামলায় একদিনে ২৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবারই প্রথম একদিনে এতো বেশি সংখ্যক সেনা হারালো। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।   

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘বিস্ফোরণে ২১ সেনা নিহত হয়েছে’,আরও বলেছেন, ‘ফিলিস্তিনি ‘সন্ত্রাসীরা’ একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এবং একই সময়ে দুটি ভবনে বিস্ফোরণ ঘটে। ওই ভবন দু’টি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী বিস্ফোরক স্থাপন করছিল। বিস্ফোরণের জেরে ভবনগুলো সেনাদের ওপর ধসে পড়ে।’

তিনি বলেন, ‘আমরা এখনও ঘটনার বিবরণ এবং বিস্ফোরণের কারণগুলো বোঝার চেষ্টা করছি এবং তদন্ত করছি।’  

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার অজুহাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ।