দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও রূপান্তরে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইউজিসি মিলনায়তনে হিট প্রকল্পের অংশীজন কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অংশীজনরা এ প্রকল্পে কিভাবে অবদান রাখবে সে বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।
প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণা এবং স্মার্ট ক্যাম্পাস প্রতিষ্ঠায় প্রকল্পটি মাইলফলক হিসেবে কাজ করবে। এ প্রকল্প দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের গতি ত্বরান্তিত, আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী ও উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশসমূহের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতামূলক সম্পর্ক জোরদার হবে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান কর্মশালায় বক্তব্য দেন।
এ ছাড়া কর্মশালায় বিএসি সদস্য অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, অধ্যাপক ড. এসএম কবীর, ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পে প্রকল্প অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দসহ শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিডিরেন, বিশ্ব ব্যাংক ও এইউডব্লিউ- এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় হিট প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মাকছুদুর রহমান ভূঁইয়া। এ ছাড়া বিএসি চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক বিডিরেনের সিইও প্রকৌশলী মোহাম্মদ তৌরিত এবং ইউজিসির এসপিকিউএ বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিক হিট প্রকল্পের প্রাতিষ্ঠানিক অংশীজন হিসেবে তাদের কার্যক্রম তুলে ধরেন।