শ্রীপুরে পচা ডিম দিয়ে তৈরি হয় কেক-বিস্কুট

গাজীপুরের শ্রীপুরের একটি বেকারিতে পচা ডিম দিয়ে তৈরি করা হয় কেক-বিস্কুট ও রুটি। এমন অভিযোগে সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলাবাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস নামের বেকারিতে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক আল মামুনের নেতৃত্বে অভিযানে ৮ হাজার পচা মুরগির ডিম ধ্বংস করা হয়েছে ।

উপজেলা সহকারী ভূমি কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বেকারিতে গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সেখানে পচা ডিম দিয়ে তৈরিকৃত বিস্কুট-কেক উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করা হয়েছে। এ ঘটনায় বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই ঘটনায় নষ্ট ডিম সববরাহকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
 
নিউ হৃদয় ফুড এন্ড প্রোডাক্টসের মালিক আবু হানিফ মিয়া বলেন, সে নিয়মিত সস্তা দামে এক ব্যক্তির কাছ থেকে ডিম কিনে রাখেন। তবে এগুলো পচ ডিম কিনা তা জানেন না। কৌশলে আমাকে ফাঁসানো হয়েছে।