ছাত্রলীগ সম্পাদককে সালাম দেওয়া নিয়ে মারামারি, বহিষ্কার ৪

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সালাম দেওয়াকে কেন্দ্র করে তার উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর অনুমোদন দিয়েছেন।

এদিকে আজ দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ ঘটনা ঘটে। শেখ ইনান নিজে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র নেতারা উপস্থিত থাকা সত্ত্বেও দুই দফায় এ ঘটনা ঘটে। দুই পক্ষই শেখ ইনানের অনুসারী হিসেবে পরিচিত

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বিজয় একাত্তর হলের ছাত্রলীগ কর্মী মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পর শেখ ইনান মধুর ক্যান্টিনে আসলে তাকে সালাম দেওয়া নিয়ে সূর্যসেন হল ও বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে একাত্তর হল সেখান থেকে বের হয়ে স্টাম্প, হকিস্টিক নিয়ে প্রস্তুত থাকে। মধুর ক্যান্টিন থেকে বের হলেই একাত্তর হল ছাত্রলীগের ছাত্রবৃত্তি উপসম্পাদক আবদুল্লাহ আল মারুফ, প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক ফিরোজ আলম অপি, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক মাশফিউর রহমান, কর্মী ফজলে নাভিদ অনন, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিঝুম ইফতারসহ বেশ কয়েকজন হামলায় ঝাঁপিয়ে পড়েন। পরে কেন্দ্রীয় কয়েকজন সিনিয়র নেতার হস্তক্ষেপে হামলা বন্ধ হলে গুরুতর আহত কামরুলকে মেডিকেলে পাঠানো হয়।