‘বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক’

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য বাংলাদেশকে নতুনভাবে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য অনুদান দেবে। আর ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন।

এ সময় জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জানিয়ে তিনি বলেন, দারিদ্রের বিমোচন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

পররাষ্ট্রমন্ত্রী ১৯-২০ জানুয়ারি উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন এবং ২১-২২ জানুয়ারি ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দেশে ফিরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।