প্রাথমিক স্কুল খোলার আধঘণ্টা আগে বন্ধ, ফিরে গেলেন শিক্ষার্থীরা

রাজশাহীতে গত রবিবার ও সোমবার প্রাথমিক স্কুল বন্ধ ছিল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই আগের নিয়মে স্কুলগুলো খুলেছে। তবে সকাল সাড়ে নয়টার দিকে আবারও স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অনেক স্কুলে শিক্ষার্থীরা যাওয়ার পরও ছুটি ঘোষণার পর বাড়ি ফিরে গেছে। তবে মাধ্যমিক স্কুল খোলা আছে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম বলেন, দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছিল তাই সোমবার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার থেকে প্রাথমিক স্কুল খোলা থাকবে। তবে আগে স্কুল সকাল ৯টায় শুরু হতো সেটি এখন ১০টায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু আজ সকালে হঠাৎ করে তাপমাত্রা নিচে নেমে যাওয়ায় নতুন করে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, রাজশাহীতে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। সকালের কোনো এক সময় ছিল ৭ দশমিক ৮। এখনতো নতুন করে আর কমার সম্ভাবনা নেই। তাই আমরা নতুন করে আর মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা দিতে চাচ্ছি না।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত সোমবার এখানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে।