সৌদি আরবের কাছে আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরবের কাছে বাংলাদেশে আরও বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন।

সৌদি আরব এবং দেশটির জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এদেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং দেশটির জনগণের মঙ্গল কামনা করে। কারণ তারা মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের খাদেম।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন। এবং সরকার প্রধান হিসেবে পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও ইসলামী ভাষা ইন্সস্টিটিউট প্রতিষ্ঠার জন্য তার দেশের ইচ্ছার কথা জানান। প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইন্সস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরা হজের প্রক্রিয়া আরও সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। সৌদি আরব ও বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর কথাও জানান তিনি।

রাষ্ট্রদূত অন্যান্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মীদের নেওয়ার ব্যাপারে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর এট লার্জ মো. জিয়াউদ্দিন এবং মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।