ইমরানের দলের পতাকা টাঙানোয় বাবার গুলিতে ছেলে খুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পতাকা টাঙানো নিয়ে শুরু হয় তর্ক, এক পর্যায়ে নিজের ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।    

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের যুবক আত্তা-উল-রেহমান অল্প কয়েকদিন আগে কাতার থেকে দেশে ফেরেন। বাড়ি ফিরে নিজ ঘরে পিটিআইয়ের পতাকা টাঙান তিনি। বিষয়টি নিয়ে বাবা নুর রেহমানের সঙ্গে ছেলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা।

জেলা পুলিশ কর্মকর্তা নাসির ফরিদ বলেন, ঘরে পিটিআইয়ের পতাকা টাঙাতে ছেলেকে বাধা দিয়েছিলেন বাবা। কিন্তু ছেলে পতাকা নামাতে অস্বীকৃতি জানায়। তর্কাতর্কি বাড়তে থাকলে একপর্যায়ে ৩১ বছর বয়সী ছেলেকে পিস্তল বের করে গুলি করেন বাবা। হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। 

হত্যাকাণ্ডের ঘটনায় ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। জানা গেছে তিনি দেশটির জাতীয়তাবাদী রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির সমর্থক।

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। কিন্তু তার আগেই আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক ময়দানের উত্তাপ ছড়াচ্ছে পারিবারিক পর্যায়েও।