১৪০ হলে বাবরের জন্য খুব কঠিন হতো: মাশরাফী

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে গতকালই ঢাকায় এসেছেন বাবর আজম। আজই খেলতে নেমেছিলেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ৭ বছর পর এই ‍টুর্নামেন্ট খেলতে নেমেই করেছেন ফিফটি। তাতে চাপ থেকে ঘুরে দাঁড়িয়ে তার দল পেয়েছে দারুণ এক জয়।

বিপিএলে এই নিয় দ্বিতীয়বার খেলতে এসেছেন বাবর। প্রথমবার এসেছিলেন ২০১৭ সালে। সিলেট সিক্সার্সের হয়ে তখন ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে ১১৭ রান করেছিলেন। একটি ফিফটির দেখা পেয়েছিলেন। ৫৪ রানের সেই ইনিংসটিও আবার সিলেটের বিপক্ষে। আবার যখন ফিরে এলেন, সেই সিলেটের বিপক্ষেই ফিরলেন ফিফটি করেই। তাতে ৪ উইকেটের জয় পেয়েছে তারা।

তবে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন ১২০ বলেই সম্ভব হয়েছে, ১৪০ রান হলে বাবরের জন্য এমন ইনিংস খেলা কঠিন হতো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেছেন, ‘না ওই সময় না। ওর জন্য এটা খুব আইডিয়াল ম্যাচ এটা। কারণ, রানে বল খেলা ওর জন্য খুব সহজ। এই কাজে ও মাস্টার আমার কাছে মনে হয়। তো রানটা যদি ১৪০ হতো তখন ওর জন্য খুব ডিফিকাল্ট হতো।’

মাশরাফী যোগ করেন, ‘ওর ব্যাটিংয়ের যে ধরন যদি ১২০ বলে ১২০ করা এক হিসাব, ১৪০ করা তখন আরেক হিসাব। এই জন্য বলছিলাম, মাঝখানের ওভারে ৩-৪ করে তিন-চারটা ওভার দেওয়া যেত তাহলে ও প্রেশার ফিলটা করতে পারত। যেটা হয়তোবা আমরা পারি নি। যে সিচুয়েশন ছিল, অবশ্যই বাবর আজম এক্সপেরিয়েন্স প্লেয়ার এমন না যে ও হিট করে ম্যাচ জেতাবে… আমরা অপনেন্টকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি নি। ওইখান থেকে একটা উইকেট নিতে পারলে টেল এন্ডার। স্ট্রাইক রোটেড করতে না পারলে ওকে শটস খেলতে হতো তখন মিস্টেকস হতো। বাবর আজম ও রকম শটস খেলা প্লেয়ার না যে আসলে গেম শটস খেলে চেঞ্জ করে দিবে।ওই প্রেশারটা আমরা কোনো দিক থেকে রাখতে পারি নি।’