ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্তাবন্দী অবস্থায় নাজিম দেওয়ান (৬২) নামে এক পল্লী চিকিৎসকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আলফাডাঙ্গা পৌর এলাকার বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশে ব্রীজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নাজিম দেওয়ান নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ আহমেদের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন ব্রীজের নিচে একটি বস্তার মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাদের মনে কৌতূহলের সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা ব্রিজের নিচে গিয়ে বস্তাটির ভেতরে লাশ ভেবে এগিয়ে আনে। পরে বস্তার মুখ খোলা হলো জীবিত এক ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় ওই ব্যক্তিটি অজ্ঞান অবস্থায় ছিল।
ভুক্তভোগীর ছোট ছেলে আলিফ দেওয়ানের জানান, গত শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লোহাগড়া বাজারের উদ্দেশ্য রওনা হয়ে নিখোঁজ হন তার বাবা। পরে শনিবার (২০ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। নিখোঁজের চারদিন পর বাবার সন্ধান পাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তারা।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, 'ওই ব্যক্তিকে বস্তাবন্দী অবস্থায় জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। তার পরিবারকে জানানো হয়েছে। তার পরিবার আসলে কথা বলে বিস্তারিত জানানো হবে।'