রূপগঞ্জে পুলিশের পোশাক পরে গাড়ি থামিয়ে ডাকাতি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পোশাক পরে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার ফাহিমার বাড়ি চাঁদপুরের কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকায়।

ফাহিমা বলেন, ‘ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি ও আমার ছেলেকে নিয়ে পরিবারের কয়েকজন একটি মাইক্রোবাসে করে চাঁদপুরের উদ্দেশে রওনা দেই। যখন তারাব বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি আসি তখন পুলিশের পোশাক পরা সাত থেকে আটজন একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে এসে আমাদের গাড়ির গতিরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার ট্রলিব্যাগ, লাগেজ, ভ্যানিটিব্যাগ ও হাতব্যাগ ছিনিয়ে নেয়। বিভিন্ন চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আমার থেকে আট ভরি ওজনের স্বর্ণালংকার, টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছি।’ রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’