ব্যারিস্টার খোকনকে আপিল বিভাগের ভর্ৎসনা

সংসদ সদস্যদের শপথ অসাংবিধানিক বলা এবং সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের প্রতি উষ্মা প্রকাশ করেছে আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে ভর্ৎসনা করে।

বিচারকাজ চলাকালে ব্যারিস্টার খোকন একটি মামলার শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান। এ সময় প্রধান বিচারপতি তাকে উদ্দেশ্য করে বলেন, ‘মিডিয়ায় আপনি এসব কি বলে বেড়াচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা দেওয়ার আপনি কে?’

তখন মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘রায়ের অস্পষ্টতা নিয়ে কথা বলেছি।’

আদালত বলেন, ‘আমরা যা বলেছি তা চূড়ান্ত। সংক্ষুব্ধ হলে রিভিউ (রায় পুনর্বিবেচনার আবেদন) করতে পারেন। এ নিয়ে ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু আপনি বলার কে? এভাবে জনসম্মুখে এভাবে বলা উচিত নয়।’ 

দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনের পর সংসদের ২৯০ সদস্যের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ২০ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন এক আইনজীবী। আবেদনের যুক্তিতে বলা হয়, সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। কিন্তু দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই শপথ নেওয়া হয়েছে, যা অসাংবিধানিক। শুনানি নিয়ে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনটি খারিজ করে দেয় হাইকোর্ট।