সায়মা ওয়াজেদের নিয়োগ অনুমোদন ডব্লিউএইচওর স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে।

গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এ নিয়োগ অনুমোদন হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ড. সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে গত বছরের ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন ড. সায়মা ওয়াজেদ।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাওয়ায় সায়মা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জেনেভায় ডব্লিউএইচওর ১৫৪তম নির্বাহী বোর্ড মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশির বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এ রকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্বপ্রাপ্তি ঘটল। এই প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি (সায়মা ওয়াজেদ) অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে ইতিমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত। তার মতো একজন দক্ষ ব্যক্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বপ্রাপ্তিতে চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চলে আগামীতে নিশ্চিত অগ্রগতি আসবে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বক্তব্যকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে এই অসামান্য অর্জনে ড. সায়মা ওয়াজেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।