বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের পর্যায় থেকে ফের যুক্তিতর্কে উত্তোলন করা হয়েছে। আজ ২৪ জানুয়ারি বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তবে, মামলাটিতে অধিকতর আইনি যুক্তিতর্ক শুনবেন বলে ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম সিদ্ধান্ত দিয়েছেন।
এ মামলায় দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২৮ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে, ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তৃতীয়বারের মতো দিন (২৪ জানুয়ারি) ধার্য করেন বিচারক।
এর আগে গত ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ৩০ নভেম্বর ধার্য হলেও ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় ১২ ডিসেম্বর ধার্য করেন আদালত। তবে এদিনও রায় প্রস্তুত না হওয়া এবং অবরোধের কারণে ২৮ ডিসেম্বর ধার্য করা হয়।
আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।