ভিসার জন্য আমিরাতে অপেক্ষার প্রহর পার করে এবার ইংল্যান্ডেই ফিরে গেলেন ইংল্যান্ডের ২০ বছর বয়সী আনকোরা ইংলিশ স্পিনার শোয়েব বশির। রবিবার ইংল্যান্ড দল ভারত পৌঁছালেও ভিসা সংক্রান্ত জটিলতায় তাকে থেকে যেতে হয়ে আমিরাতে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআই ও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি সুফল।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এ নিয়ে বেশ বিরক্ত। বলেন, ‘অধিনায়ক হিসেবে এটা হতাশার। ইংল্যান্ড দলে প্রথম সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কারও ক্ষেত্রেই কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে। এখানে থাকতে না পারার কারণে তাকে বাদ দিতে হচ্ছে।’
সমারসেটের এ অফস্পিনার অপ্রত্যাশিতভাবেই ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। প্রথম শ্রেণিতে তার উইকেট সংখ্যা মাত্র ১০টি। তারপরও ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার দারুণ নৈপুণ্য ও বল ঘোরানোর মারাত্মক ক্ষমতা খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। বশিরের জন্ম সারে-তে হলেও তার পরিবারের আদি নিবাস পাকিস্তানে। দেশটির গণমাধ্যম ডেইলি মেইল সংবাদ প্রকাশ করেছিল, এ জন্যেই ভিসা সংক্রান্ত জটিলতার মুখে পড়তে হয়েছে বশিরকে।
গত নভেম্বরে ইংল্যান্ড লায়নসের অনুশীলন ক্যাম্পে নজর কাড়েন বশির। নিজের ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতা কাজে লাগাতে পারেন স্পিন বোলিংয়ে। আরব আমিরাতে ১০ দিনের অনুশীলন ক্যাম্পেও বেশ ভালো বোলিং করেন বশির। হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে স্পিনবান্ধব উইকেটই প্রত্যাশিত এবং সেখানে বশিরকে অভিষেক করানোর ভাবনা ছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের।
অবধারিতভাবে কাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে থাকা হচ্ছে না বশিরের। অগত্যা দেশেই ফিরে গেলেন বশির।