আফ্রিকা নেশনস কাপ

রোমাঞ্চকর রাতে টিকে রইলো ক্যামেরুন, বাদ ঘানা-আলজেরিয়া

আফ্রিকা নেশনস কাপে একরাতেই বিদায় নিতে হয়েছে দুই সাবেক চ্যাম্পিয়নকে।  চারবারের চ্যাম্পিয়ন ঘানার সঙ্গে বাদ পড়েছে  দুবারের চ্যাম্পিয়ন আলজেরিয়া। কোনোমতে বেঁচে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন। নাটকীয় ম্যাচে গাম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

গ্রুপ ‘সি’র রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠা ক্যামেরুন জিতেছে যোগ করা সময়ে ক্রিস্টোফার উ’র গোলে। নাটকের তখনো বাকি ছিল। ক্যামেরুনকে স্তব্ধ করে এরপর গোল করে স্কোরটাকে ৩-৩ বানিয়ে ফেলেছিলেন গাম্বিয়ার ডিফেন্ডার মুহাম্মদ সান্নেহ। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয় সেই গোল। ভিডিও রিপ্লেতে দেখা যায় হাত দিয়ে গোল করেছেন সান্নেহ।

এদিন ক্যামেরুনের গোলপোস্ট আগলেছেন ফ্যাব্রিস ওন্দোয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা জায়গা হারান একাদশ থেকে। রুদ্ধশ্বাস ম্যাচের পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে তোকো একাম্বির গোলে এগিয়ে যায় ক্যামেরুন। ৭২ ও ৮৫ মিনিটে দুই গোল করে এগিয়ে গিয়ে শেষ ষোলোর স্বপ্ন দেখতে শুরু করে গাম্বিয়ানরা। কিন্তু ৮৭ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ক্যামেরুন। এরপর যোগ করা সময়ের গোলে গেরো ছোটায় আফ্রিকার সিংহরা।

একই গ্রুপ থেকে তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে শেষ ষোলোতে গেছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। সাদিও মানের দল গিনিকে হারিয়েছে ২-০ গোলে। অবশ্য গিনি গ্রুপের তৃতীয় দল হিসেবে নিশ্চিত করেছেন শেষ ষোলো খেলা। তাতে কপাল পুড়েছে গাম্বিয়ার।

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে প্রতিবেশী আলজেরিয়ার। ‘ডি’ গ্রুপে ২০১৯ সালে চ্যাম্পিয়ন আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম জয়ের দেখা পেয়েছেন মৌরিতানিয়া। এই প্রথম জয়টি পেয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে মৌরিতানিয়া। গ্রুপের অন্য ম্যাচে বুরকিনা ফাসোকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাঙ্গোলা।