মঈন খান

গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি

বিএনপি দেশে গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তিনি বলেন, মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে; হবে প্রতিহিংসার রাজনীতির অবসান। বুধবার সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, বিএনপির প্রত্যাশা— হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।

তিনি বলেন, ‌‘আরাফাত রহমান কোকো ছিলেন এক ক্রীড়া সংগঠক। তিনি কখনো রাজনীতি করতেন না। কিন্তু এক এগারো সরকারের ষড়যন্ত্রের কারণে কোকোকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়।’ 

বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে আশা প্রকাশ করে মঈন খান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিলো, সে গণতন্ত্র ফিরে আসুক। সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি পাক এ প্রত্যাশাই করছি।’

আরাফাত রহমান কোকো’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীস্থ কবরস্থানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামাদলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।