স্কুলে যাওয়ার পথে শিক্ষিকা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোকসানা ওই ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাফিনাজ রোকসানা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম। তিনি বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।