শ্রম আইন সংশোধন বিল আগামী অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার (২৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উঠবে এবং পাস হবে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, অবশ্যই উঠবে, অবশ্যই পাস হবে।
মন্ত্রী বলেন, আইএলও’র (আন্তর্জাতিক শ্রম সংস্থা) গভর্নিং বোর্ডির মিটিং আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। দেশে শ্রম অধিকার ও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নে যেসব অগ্রগতি হয়েছে এবং শ্রম আইন সংশোধনের ব্যাপারে যেসব কাজ করা হয়েছে তা পর্যালোচনার জন্য আজকে একটি মিটিং ছিল। আজকের মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে আমি প্রধানমন্ত্রীক ব্রিফ করব। এরপরই এ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আমি আপনাদের কোনো তথ্য দিতে পারব না।
বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, আইন ও বিচার বিভাগের সচিব মো গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) হাফিজ আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।