বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘কৌশলে অন্যদের বাইরে রেখে কিংবা জোর-জবরদস্তি করে অন্যদের নির্বাচনের বাইরে রেখে নেতা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস বিএনপির নেই।’
আজ বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘৯৬ সালে সংসদ নির্বাচন করতে হয়েছিল একটা বিশেষ কারণে। সেই বিশেষ কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করা। বিল পাস করেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। সেখান থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জনসভা করেন।’
তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র নেই। আমরা গণতন্ত্রহীন অবস্থায় জীবনযাপন করছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম, আমাদের লাখো মানুষের রক্তের বিনিময়ে, সেই গণতন্ত্র আজ নেই, তিরোহিত হয়েছে। দেশে গণতন্ত্র না থাকায় ধনী-গরিবের বৈষম্য ক্রমশ বাড়ছে। সবার উন্নয়ন করার কথা চিন্তা করলে গণতন্ত্র ছাড়া কোনো পথ নেই। আর গণতন্ত্র নেই বলেই আজকে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত। আর হাতেগোনা কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকার বাড়ি কিনছে। শতকরা ৫ ভাগ মানুষ দেশের বিপুল পরিমাণ সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে।’
এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।