মদ্যপ ম্যাক্সওয়েলকে সতর্ক করে দিলেন কোচ

বিশ্রাম নিয়ে তরতাজা ও ফুরফুরে হয়ে উঠতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি দেওয়া হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে। অথচ এ সময়টাতেই তাকে কি না হাসপাতালে যেতে হলো মদকান্ডে! স্বাভাবিকভাবেই ব্যাপারটিকে ভালোভাবে নেয়নি অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট। এবার অল্পতে পার পেয়ে গেলেও আগ্রাসী এই ব্যাটসম্যানকে নিজের করণীয় মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি পানশালায় যান অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার। সেখানে অতিরিক্ত মদ্যপানে নিজেকে একরকম হারিয়ে ফেলেন বলে জানা গেছে। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। গুরুতর কিছু অবশ্য হয়নি তার। হাসপাতালে ভর্তিও করাতে হয়নি। একটু পরই তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনায় শারীরিক কোনো ক্ষতি হয়নি তার, কোনো শাস্তিও তাকে পেতে হয়নি। তবে কোচ ম্যাকডোনাল্ড বুধবার অস্টেলিয়ার এক রেডিওকে বলেছেন, এই ঘটনা থেকে ম্যাক্সওয়েল শিক্ষা নেবেন বলে আশা তার। 'গ্লেনের (ম্যাক্সওয়েল) সঙ্গে কথা বলেছি আমি। তার দুর্ঘটনা নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে গতকাল। সামনে তাকিয়ে নিজের দেখভাল ঠিকঠাক করতে হবে তাকে। এই সময়টায় তাকে আমরা বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ দিয়েছি এবং আমার মনে হয়, এই ঘটনায় তার জন্য শিক্ষা এটাই যে ব্যাপারটাকে নিজের দিক থেকে সে দেখবে এবং নিজের খেয়াল রাখবে।'
৩৫ বছর বয়সী ক্রিকেটারকে আরও দীর্ঘদিন জাতীয় দলে পেতে চান বলেই শৃঙ্খলা নিয়ে মৃদু হুঁশিয়ারি দিয়ে রাখলেন কোচ। সেদিনের ঘটনার বিস্তারিত কিছু না বললেও মদ্যপান সংক্রান্ত ব্যাপারই যে ছিল, তা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান কোচ, 'যা কিছু সে বলেছে তাতে, সেই রাতে সে বেশ পান করেছিল এবং এরপর রাতটি যেভাবে শেষ হওয়ার কথা, সেভাবেই হয়েছে। এটা তার দিক থেকে এবং আমাদের দিক থেকেও আদর্শ কিছু নয়। অজান্তে ভুল হয়ে গেছে তার। অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে, নিজের দিক থেকে সে কী করছে এবং ওই মুহূর্তে সে ঠিক কাজটিই করেছে কি না। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি, সে ভালো আছে।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯, ১১ ও ১৩ ফেব্রুয়ারির তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলার প্রস্তুতি নিচ্ছেন ম্যাক্সওয়েল।