বিএসপিএ'র সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সামন

ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের সুপ্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর ২০২৪ ও ২০২৫- দুই বছর মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক রেজওয়ান উজ জামান রাজিব। এছাড়া সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের হেড অব স্পোর্টস মো. সামন হোসেন।

মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় বিএসপিএ-র দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার বিমান ভট্টাচার্য্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর তিন সদস্য মোফাখখারুল ইসলাম দিলখোশ, ইয়াহিয়া মুন্না ও জিয়াউদ্দিন সাইমুম।

বিএসপিএর প্রাক্তন সভাপতি সনৎ বাবলার সঙ্গে নবনির্বাচিতরা।

এছাড়া দু’জন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর) ও সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক দেশ রুপান্তর)। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (বিবিসি বাংলা) ও রেদওয়ান সুলতান শুয়েব (চ্যানেল২৪)।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সামীউর রহমান (দৈনিক দেশ রুপান্তর)। দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমাদের সময়) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোরায়রা তামিম (একুশে টিভি)। অর্থ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম)।

নির্বাচিত ৯ কার্যনির্বাহী সদস্য হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), তালহা বিন নজরুল (ফ্রিল্যান্সার), মো. আনোয়ার উল্লাহ (বাংলাদেশ পোস্ট), পরাগ আরমান (এটিএন বাংলা), মো. সাহাবউদ্দিন সাহাব (দৈনিক করতোয়া), রাশিদা আফজালুন নেসা (বাসস), আবু নোমান মো. উল্লাহ (অল আউট স্পোর্টস), রায়হান উদ্দিন রাসেল (দৈনিক কালবেলা) ও সজল কুমার মিত্র রিচার্ড (সময় টিভি)। কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা পড়ায় সুবাদে এই ১৯জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে সকালে দ্বিবার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি সনৎ বাবলা। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মো. সামন হোসেন, অর্থ সম্পাদক ২০২২ ও ২০২৩ সালের অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের পেশ করেন সাংগঠনিক প্রতিবেদন। এছাড়া দপ্তর সম্পাদক সামীউর রহমান উপস্থাপন করেন ২০২২ সালের কার্য বিবরণী। এছাড়া আটটি শাখার প্রতিনিধিরা নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন। এ সব প্রতিবেদন সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন বিএসপিএ-র সদস্যরা।