অস্ট্রেলিয়ান ওপেনে নক্ষত্রের পতন হলো যেন। অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন কার্লোস আলকারাজ। ম্যাচের ফল জেরেভের পক্ষে ৬-১, ৬-৩, ৬-৭, ৬-৪। যা টুর্নামেন্টের বড় অঘটন।
গত বছর উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। তার আগের বছর জিতেছিলেন ইউএস ওপেন। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের পর তাকেই আগামী দিনে টেনিস বিশ্বে রাজত্ব করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রথম দু'টি সেটে জেরেভের বিরুদ্ধে এক প্রকার উড়ে গিয়েছিলেন আলকারাজ। মনেই হচ্ছিল না আলকারাজ খেলছেন বলে। স্প্যানিশ টেনিস তারকাকে নিয়ে ছেলেখেলা করছিলেন জার্মানির জেরেভ। ১-৬, ৩-৬ গেমে প্রথম দু'টি সেট হেরে যান আলকারাজ।
তৃতীয় সেটে ম্যাচে ফেরেন আলকারাজ। টাই ব্রেকারে গিয়ে সেট জিতে নেন স্প্যানিশ তারকা। তৃতীয় সেটে একটা সময় এগিয়ে ছিলেন জেরেভ। তার পরেও সেট দখলে রাখেন আলকারাজ। টাই ব্রেকারে তো জেরেভকে প্রায় উড়িয়ে দিলেন তিনি। প্রথম দুই সেটে আলকারাজ়ের খেলার সঙ্গে তৃতীয় সেটের আলকারাজ়ের মিল পাওয়া যাচ্ছিল না।