চট্টগ্রাম-কক্সবাজার রুটে আগামি দুই মাসের মধ্যে চলবে ট্রেন এবং চার থেকে পাঁচ বছরে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মিত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর চট্টগ্রামে প্রথম সফরে বুধবার (২৩ জানুয়ারি) রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ ঘোষণা দেন।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুটি ট্রেন ইতোমধ্যে চালু হলেও চট্টগ্রাম থেকে এখনও কক্সবাজার পর্যন্ত কোনো ট্রেন চালু হয়নি। অপরদিকে কালুরঘাট সেতুও সংস্কার হয়ে চলছে। নতুন কালুরঘাট সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। কক্সবাজার পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে প্রশ্ন করা হলে নতুন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, আগামী দুই মাসের মধ্যে আমরা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু করব।
নতুন কালুরঘাট সেতু কবে নির্মিত হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটার সমীক্ষা শেষ। কোরিয়ান অর্থায়নে কালুরঘাট সেতু নির্মাণ করা হবে। আর এটি নির্মাণ করে চালু করতে চার থেকে আরও পাঁচ বছর সময় লেগে যাবে।
রেলের শঙ্কট সমাধানে ইঞ্জিন আমদানির কথা স্বীকার করে মন্ত্রী বলেন, আরও ইঞ্জিন ও কোচ আমদানি হচ্ছে। দেশের সব জেলায় রেলপথ যাবে। সেই অনুযায়ী কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। এক সময় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অভিজ্ঞ কর্মীদের চাকরি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বন্ধ হয়ে যাওয়া রেল পথকে আবারও সচল করে রেলের শ্রীবৃদ্ধি করেছেন এবং রেলপথকে সম্প্রসারণ করছেন।
এদিকে মন্ত্রী চট্টগ্রামে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ কামরুল আহসান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ পূর্বাঞ্চলীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।