কুড়িগ্রামে বাসচালক ও সুপারভাইজার গাঁজাসহ আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী হানিফ পরিবহনের চালক ও সুপারভাইজারকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। 

আটককৃতরা হলেন, বাসের চালক দেলোয়ার হোসেন (৩২)। সে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। অপরজন বাসের সুপার ভাইজার রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাপদি গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।

পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনিরহাট বাজারে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচে অভিযান চালিয়ে একটি কালো রং এর ব‍্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় বাসটির চালক ও সুপারভাইজার দুজনে যোগসাজশে অবৈধ মাদকদ্রব‍্য (গাঁজা) পরিবহন করার দায় স্বীকার করলে বাসসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।