সরল মানুষের জন্য সহজ ভাষার গান করেন সহজিয়া। দেড় দশক ধরে এ কাজই করে আসছেন তারা। বাংলাদেশের তৃতীয় প্রজন্মের এই ব্যান্ডটি মূলত অলটারনেটিভ ও সাইক্যাডেলিক রক ঘরানার। যদিও তারা তাদের গানে বারবার নানা এক্সপেরিমেন্ট করেন এবং জনরা বদলান, তবুও সবশেষে গানে গানে সহজ-সরল কথাই বলেন।
সহজ গান
সহজ গান দিয়ে খুব সহজে মানুষের কাছে যাওয়ার একটা চেষ্টা আছে সহজিয়ার। এটা স্বীকারও করলেন তারা। বলেন এটা আসলে অ্যাপ্রিসিয়েশন। কারণ সহজ এবং সস্তা এ দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। আমরা চেষ্টা করছি আরও সহজ করে গানের মাধ্যমে মানুষের কাছে যেতে। আমরা জীবনটাকেই সহজভাবে দেখতে চাই, কে চায় জটিল জীবন! আর গান যেহেতু জীবনেরই অংশ, তাই সহজ জীবনের জন্য সহজ গান।
সহজিয়া
সহজিয়া মূলত একটি ধর্মসম্প্রদায়। যাদের মূল মত সহজে স্বরূপ লাভের সাধনা করা। ঠিক তেমনই সহজিয়া ব্যান্ড করছে সরল গানের সাধনা। তারা বলেন, ‘আমরাও মূলত গানে গানে সহজ জীবনের সাধনা করি।’
কমফোর্ট জোন
‘আমরা কোনো ক্রিয়েশনের ক্ষেত্রে রিকয়ারমেন্ট বা কনসিডারেশনের পক্ষে নেই। আমরা চাই স্বাধীনভাবে কারও ইচ্ছের কাছে নতি স্বীকার না করে কাজ করতে এটাই আমাদের কমফোর্ট জোন। এজন্য হয়তো অনেক মাধ্যমেই আমাদের কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু এটাই আসলে আমরা, সহজিয়া। আমরা একটা আলাদা প্যাটার্ন তৈরি করতে চেয়েছি, আমরা শর্তসাপেক্ষে বা কারও মাধ্যমে বায়াসড হয়ে কাজ করতে চাইনি। আমাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমরা আমাদের খেয়ালমতো কাজ করছি এটাই আসলে আমাদের কমফোর্ট জোন।’
জনরা
ফোক ছাড়া অলটারনেটিভ রকের সব ঘরানাতেই গান করেছেন সহজিয়া। ফোক-ও করবেন বলে জানালেন ব্যান্ড সুপ্রিমো। তারা সব ঘরানাকেই কোনো না কোনো গানে স্পর্শ করার চেষ্টা করেছেন। বহু জনরায় প্রবেশ ও সেসব নিয়ে কাজ করা প্রসঙ্গে সুপ্রিমো বলেন, ‘আমরা নিজেদের তৈরি করেছি বা বড় হয়েছি নানা রকম গান শুনে শুনে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই এর একটা প্রভাব আমাদের গানের ওপর পড়বে। আমাদের গুড এক্সপেরিয়েন্সগুলো আমাদের গানে প্রভাব ফেলেছে।’
নতুন গানের খবর
আজ বৃহস্পতিবার অবমুক্ত হবে সহজিয়া ব্যান্ডের তৃতীয় অ্যালবাম ‘চিঠি’র একটি গান। এটি হবে অ্যালবামের চতুর্থ গান। একটা ভিজ্যুয়ালসহ গানটি শ্রোতাদের জন্য অবমুক্ত হবে। যদিও গানকে গান হিসেবেই শুনতে চান তারা, তবুও শ্রোতাদের কথা মাথায় রেখে এই ভিজ্যুয়াল। তারা মনে করেন, যেকোনো ভিজ্যুয়াল গান নিয়ে শ্রোতার স্বপ্নযাত্রাকে বাধাগ্রস্ত করে। মানুষ গান নিয়ে ওই ভিজ্যুয়ালের বেশি আর কিছু ভাবতে পারে না। তার যে আলাদা করে কিছু ভাবার আছে তা নষ্ট হয়। আর গান শোনার জন্য মিউজিক ভিডিও বা এ রকম কোনো কিছু একেবারেই জরুরি মনে করেন না সহজিয়া।
সহজিয়া কি আলাদা?
না, সহজিয়া আলাদা না, একদমই না। ‘আমরা এবং আমাদের সমসাময়িক ব্যান্ডগুলো একই সময়ের প্রতিনিধিত্ব করছি। সুতরাং আমাদের আলাদা হওয়ার সুযোগ নেই। হয়তো সবাই নানা কারণে একটু একটু আলাদা, তবে একেবারেই আলাদা বা আমি বিশেষ, ভেরি স্পেশাল এমন দাবি করার কোনো প্রশ্নই আসে না।’
জীবন একটা উৎসব
‘আমরা সব সময় চেয়েছি জীবনকে একটু অন্যভাবে দেখতে। আমরা আমাদের প্রত্যেকটা অনুভূতিকে স্বীকৃতি দিতে চেয়েছি। আমরা কখনোই আমাদের জীবনের একটিমাত্র অনুভূতিকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাইনি। আমরা বলতে চেয়েছি জীবন একটি উৎসব। এখানে সব অনুভূতিই বিদ্যমান। আমরা আমাদের জীবনের প্রতিটি অনুভূতিকে সহজভাবে স্বীকৃতি দিতে চেয়েছি। আর এটাই হয়তো আমাদের কিছুটা আলাদা করেছে।’