ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্যের বাড়িতে যাওয়ার জন্য জোর করে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্তরা গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল এলাকায় খাল উদ্ধারের নামে অন্তত ৫০ জন কৃষকের জমি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। খাল কাটার মাটি না সরিয়ে পাশের জমি ভরাট করে রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তা নির্মিত হলে আখাউড়া-চান্দুরা সড়ক থেকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার রাস্তা কমে আসবে ও যাতায়াত সহজ হবে। তারা খালটি উদ্ধারে তাদের আপত্তি নেই। এতে তারা খুশি। কিন্তু অকারণে রাস্তা করায় তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ থেকে মুক্তি পেতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনও করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল হক বকুল ও তার ভাই জেলা পরিষদ সদস্য বাবুল আক্তারের বাড়িতে যাওয়ার জন্য নতুন রাস্তা বানাতে জোর করে ব্যক্তি মালিকানাধীন জমিতে মাটি ফেলা হচ্ছে।’
ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল বলেন, ‘উপজেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে খাল উদ্ধার করা হচ্ছে। আর বিলের জমিতে যাওয়ার জন্য এই রাস্তা করা হচ্ছে। আমার বাড়িতে যাওয়ার একাধিক রাস্তা আছে। নির্মাণাধীন এই রাস্তায় কারও ব্যক্তিগত জমি পড়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, রাস্তা করতে গিয়ে ব্যক্তিগত জমি পড়ার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।