বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ গতকাল বুধবার বেলা ১১টায় শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবির শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এস এর দিয়ে লাশ গ্রহণ করে বিজিবি।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামিল ও বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে নিহত সদস্য রইস উদ্দিনের লাশ গ্রহণ করেন।
সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবির এক সদস্য নিহত হওয়ার প্রতিবাদে বিজিবি মঙ্গলবার বিএসএফকে প্রতিবাদপত্র দিয়েছে। বিজিবির সদস্য মোহাম্মদ রইস উদ্দিনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিজিবি বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামিল জানান, নিহতের প্রথম জানাজা যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে হয়। পরে সেখান থেকে হেলিকপ্টারে লাশ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্র জানায়, ধান্যখোলা সীমান্ত এলাকায় সোমবার বিএসএফ সদস্যের গুলিতে রইস উদ্দিন নিহত হন।