দেশে পাঁচ বছরের কম বয়সী ২২ শতাংশ বা প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন ভিটামিন ‘এ’ ও দুজন ভিটামিন ‘ডি’ ঘাটটিতে এবং আন্তঃসত্ত্বা নারীদের ৭০ শতাংশ বা প্রায় তিনজনের মধ্যে দুজন ভিটামিন ‘ডি’ ঘাটতিতে ভুগছেন। গতকাল বুধবার রাজধানীর বিএমএ ভবনে ‘সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল : অগ্রগতি, বাধা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় বাংলাদেশ ন্যাশনাল মাইক্রোনিউট্রিয়েন্ট স্ট্যাটাস সার্ভে ২০১৯-২০-এর এই তথ্য তুলে ধরা হয়।
কর্মশালায় বলা হয়, এর আগে ২০১১-১২ সালের একই জরিপে এই হার ছিল যথাক্রমে ৪০ ও ৭২ শতাংশ। অর্থাৎ শিশুদের ভিটামিন ‘ডি’ ঘাটতি পূরণে কিছুটা কাজ হলেও গর্ভবতী নারীদের ক্ষেত্রে পরিবর্তনের হার নগণ্য।
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের সহযোগী বিজ্ঞানী আবু আহমেদ শামীম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট মুশতাক হাসান মুহ. ইফতিখার ও প্রোগ্রাম ম্যানেজার ডা. রীনা রানী পাল এবং কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।