টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
গতকাল বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জার্মানির চ্যান্সেলর বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি আপনার সামনের দিনগুলোর কাজের জন্য আপনার অনেক সামর্থ্য ও সার্বিক সাফল্য কামনা করি।’
ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট চার্লস মিশেল এক অভিনন্দন বার্তায় বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি অংশীদার। তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য সব অভিন্ন স্বার্থের বিষয়ে একসঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মিশেল বলেন, ‘আমাদের সহযোগিতাকে বিস্তৃত এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগির শুরু হবে।’