বার্সা ছাড়ার ইঙ্গিত জাভির

'লড়াই করতে না পারলে আমাকে চলে যেতে হবে'

আরও একটা টুর্নামেন্ট হেরে গেছে বার্সেলোনা। হাতছাড়া হলো আরও একটা ট্রফি জয়ের সুযোগের। কাল রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে বার্সা। হারের পর কোচ জাভি হার্নান্দেজ বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, তিনি থাকেন কিংবা না থাকেন, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।

বার্সা কিংবদন্তি জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘বড় ক্লাবের সব কোচেরা ট্রফির ওপরই নির্ভর করে। কিন্তু আমি গর্বিত যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বড় দলের বিপক্ষে লড়েছি, বিশেষ করে তরুণ ফুটবলারেরা যেভাবে লড়েছে। আমার মনে হয় এটা বড় কিছুর করার পথে মাত্র শুরু। আমি থাকি বা নাকি, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।’  

এগিয়ে গিয়েও ম্যাচ হেরে বিদায়ের পরও ফুটবলারদের দোষ দিতে চাইছেন না জাভি, ‘আমি হতাশ ২-২ গোলে সমতায় থাকার পরও সুযোগটা নিতে পারিনি। তবে খেলোয়াড়দের দোষ দেওয়ার কিছু নেই।’  

পর পর দুটি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর ট্রফি জিততে বার্সার এখন চেয়ে থাকতে হবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে। ২০ ম্যাচ ৪৪ পয়েন্ট নিয়ে লিগে বার্সার অবস্থান তৃতীয়। শীর্ষ দল জিরোনার সমান ম্যাচ খেললেও ৮ পয়েন্ট পিছিয়ে বার্সা। চ্যাম্পিয়নস লিগে উঠেছে শেষ ষোলোয়। 

এমন পরিস্থিতিতে জাভি জানিয়েছেন, ট্রফি জেতার বিকল্প নেই, ‘মৌসুম শেষে যদি লড়াই করতে না পারি, তাহলে আমাকে চলে যেতে হবে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সব কোচদের ক্ষেত্রেই খাটে। এটা বড় ক্লাব, এটা বার্সেলোনা। আমি জানি আমি কোথায় আছি, চাহিদা কী আছে। আমাদের ট্রফি জিততে হবে, অন্তত সেটার জন্য লড়াই করতে হবে।’