ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুই দিন দেশটি সফরে থাকবেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।