বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোলার গ্যাসকে সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সাথে দেশের বিদ্যুৎ ও ইন্ড্রাস্ট্রি খাতে যেখানে সংকট রয়েছে সেখানে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা হবে। এ জন্য ভোলায় আরও গ্যাসের অনুসন্ধান চালানো হবে এবং ভবিষ্যতে আরও ৯টি কূপসহ মোট ১৮টি কূপ খনন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ভোলাতে সারাকারখানা করার জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।
ভোলার ৩০০ এমএমসিএফ গ্যাস পাইপ লাইন করে বরিশাল ও পটুয়াখালীতে নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তবে তার আগে ভোলার শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। বলেন, ভোলা পৌর এলাকায় আবাসিক ও গৃহস্থালি কাজেও মিটারের মাধ্যমে সংযোগ দেওয়ার জন্য কাজ চলমান রয়েছে।
পরে তিনি বোরহানউদ্দিনে ২২০ ও ২২৫ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি ভোলা সদরের সুন্দরবন গ্যাস কোম্পানি লি. ডিআরএস পরিদর্শন করেন। একই সাথে তার ভোলা নর্থ-১, ইলিশা-১ কূপ এবং প্রস্তাবিত ভোলা প্রসেস প্লান্ট এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।