গোয়ায় হানিমুনের কথা বলে অযোধ্যায়, ডিভোর্স চাইলেন স্ত্রী

দক্ষিণ ভারতের গোয়ায় স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা ছিল তার। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেননি। স্ত্রীর সঙ্গে কোনো পরামর্শ না করেই অযোধ্যা ও বারাণসীর টিকিট কাটেন স্বামী। এ ঘটনায় পারিবারিক আদালতে ডিভোর্স চেয়ে আবেদন করেছেন মধ্যপ্রদেশের ওই নারী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ফ্রি প্রেস জার্নালের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ডিভোর্সের আবেদন করেছেন স্ত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, মামলাটি গত ১৯ জানুয়ারি ভোপালের পারিবারিক আদালতে পৌঁছায়। ডিভোর্সের আবেদন করে ওই নারী বলেছেন, তার স্বামী আইটি সেক্টরে চাকরি করেন এবং ভালো বেতন পান। তিনি নিজেও একজন কর্মজীবী। ফলে হানিমুনে বিদেশে যাওয়া তাদের পক্ষে কঠিন কিছু ছিল না।

আর্থিক সংকট না থাকা সত্ত্বেও তার স্বামী হানিমুনে বিদেশ যেতে রাজি হননি। স্ত্রীকে নিয়ে ভারতের কোথাও যেতে চেয়েছিলেন। তার দাবি ছিল, বাবা-মায়ের দেখাশোনা করতে হবে। একপর্যায়ে স্ত্রী হানিমুনের জন্য গোয়ায় যেতে রাজি হন।

কিন্তু পরে স্ত্রীকে কিছু না জানিয়েই অযোধ্যা ও বারাণসীর প্লেনের টিকিট কাটেন স্বামী। ভ্রমণের মাত্র একদিন আগে পরিকল্পনা বদলানোর কথা জানতে পারেন স্ত্রী। তাকে বলা হয়, তারা অযোধ্যা যাচ্ছেন কারণ তার শাশুড়ি রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে শহরটি দেখতে চেয়েছিলেন।

ওই নারী সেই সময় কোনো আপত্তি করেননি। তবে অযোধ্যা থেকে ফেরার সঙ্গে সঙ্গেই ডিভোর্স চেয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হন তিনি।