নাটোরের বড়াইগ্রামে নৌকার পক্ষে কাজ করায় ইদ্রিস আলী (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার স্বজনদের পাল্টা হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী অভিযুক্ত দেলোয়ার হোসেন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড়গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস আলী দিয়াড়গাড়ফা গ্রামের হাশেম আলী প্রামাণিকের ছেলে এবং দেলোয়ার হোসেন একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহতদের প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইদ্রিস আলী জানান, গত সংসদ নির্বাচনে তিনি নৌকার পক্ষে কাজ করেছেন। এ নিয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে তার দ্বন্দ্ব বাধে। বৃহস্পতিবার তিনি সারের বস্তা মাথায় নিয়ে বিলে যাচ্ছিলেন। পথে স্বতন্ত্র প্রার্থীর কর্মী দেলোয়ার হোসেন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
অপরদিকে, ইদ্রিস আলীর স্বজনদের হামলায় দেলোয়ার হোসেনের মাথায় আঘাত লেগেছে। দেলোয়ার হোসেন কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা অস্বীকার করে জানান, তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মুরমু জানান, মারামারির খবর পেয়েছি। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।