সব ষড়যন্ত্রেই শেখ হাসিনা বিজয়ী হয়েছেন: আব্দুর রহমান

মৎস্য ও প্রাণিসসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিএনপিকে আগামী যেকোনও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি বলেছিল তাদের ছাড়া এদেশে নির্বাচন হবে না। কিন্তু নির্বাচন হয়ে গেল। এরপর তারা বলেছিল নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। কিন্তু বিদেশিরাও স্বীকৃতি দিয়েছে। সবই তো হলো, এবার দয়া করে আগামী যেকোনও নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে কোনও অবস্থাতেই সামাজিক অপরাধ করবেন না।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান আরো বলেন, অনেক ষড়যন্ত্র আছে। নির্বাচনের আগেও ষড়যন্ত্র হয়েছে। নির্বাচনের পরেও ষড়যন্ত্র আছে। তবে যত ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামীন শেখ হাসিনার সঙ্গে আছেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সারাবিশ্ব আজ এই দেশের দিকে তাকিয়ে থাকে। দেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশই হবে সৌদি আরব, এই দেশই হবে সিঙ্গাপুর। এ সময় আব্দুর রহমান ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, আমার জীবনে আর কিছু চাওয়া-পাওয়ার নেই। এই মধুখালিতে এর আগে কেউ মন্ত্রী হতে পারেননি। আল্লাহ যাকে ইজ্জত সম্মান দেয় কেউ কেড়ে নিতে পারে না। আর যার ইজ্জত কেড়ে নেন কেউ তা ফিরিয়ে দিতে পারে না।

নাগরিক সংবর্ধনায় মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ প্রায় ২০-৩০ হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।