সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সংযুক্ত আরব আমিরাত সফরশেষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘ইউএমইএক্স ২০২৪ (আনমেনড সিস্টেমস ২০২৪) এন্ড এসআইএমটিইএক্স ২০২৪ (সিমুলেশন এন্ড ট্রেনিং সিস্টেমস ২০২৪) এক্সিবিশনস’ এ অংশগ্রহণ করেন। 

পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আমন্ত্রণে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন।