সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম (৪০) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ ও আড়াইহাজার থানার মধ্যবর্তী স্থান মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন মাঝেরচর সিএনজি স্ট্যান্ডে নোয়াগাঁও এলাকার সবেদ আলীর ছেলে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাথে স্ট্যান্ডের লাইনম্যান ও অজ্ঞাত ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুল একজন লাইন ম্যানকে থাপ্পর দিলে স্ট্যন্ডে থাকা মহসিন, দায়েন,জাকির, নাইম ও আরিফসহ অজ্ঞাত আরও ৪/৫ জন মিলে তাকে বেধরক পেটায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তিনি মারা যান।
 
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের প্রস্তুতি  চলছে। নিহত যুবলীগ নেতা নজরুল ইসলাম নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজারে স্টিলের ব্যবসা করতেন। 

আড়ইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল সোনারগাঁ থানার। তাই পরবর্তী পদক্ষেপ সোনারগাঁ থানা পুলিশ গ্রহণ করবে ।