ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি দৈনিক সমকাল এর নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন মারা গেছেন। রাত ৯টার দিকে মরহুমের বড় ছেলে সৈকত বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা ট্রমা সেন্টার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডায়বেটিস, কিডনী ও ফুসফুস ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন।
পেশাগত জীবন তিনি দৈনিক সু-প্রভাত ফেনী'র সম্পাদক ও প্রায় চার যুগ ধরে বিভিন্ন সময় দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর এবং সর্বশেষ দৈনিক সমকাল'র নিজস্ব প্রতিবেদক পদে কর্মরত ছিলেন।
শাহজালাল শহরের রামপুর পাটোয়ারী বাড়ীর মৃত আবু বক্কর সিদ্দিক এর জামাতা ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও একমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এ সাংবাদিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন মাহমুদ ও এস এম ইউসুফ আলী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শাহজালাল রতনের মৃত্যুতে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক এমএ জাফরসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।