পাখি না মেরেও ফসল রক্ষা করা যায়

সম্প্রতি দুটি খবর সাড়া ফেলেছে। এক সাবেক ইউপি মেম্বার ফসল খাওয়ার অভিযোগে বিষপ্রয়োগ করে শতাধিক পাখি হত্যা করেছেন। এ ঘটনা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনারপাড় নামক এলাকার। অপরটি হলো- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাও বাগানের। সেখানে সবজি ক্ষেত রক্ষার জন্য বিষ দেওয়া হয়। যেটা খেয়ে কয়েকটি বানর মারা গেছে।পৃথিবীতে যত জীব আছে তারা একেকটি জাতি। এমন কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘ভূপৃষ্ঠে বিচরণশীল প্রত্যেকটি জীব এবং (বায়ুমন্ডলে) নিজ ডানার সাহায্যে উড়ন্ত প্রত্যেকটি পাখি তোমাদের মতোই একেকটি জাতি।’ -সুরা আনআম : ৩৮

এর পরও কারণে-অকারণে পশুপাখি ও জীবজন্তু হত্যা করতে দেখা যায়। অথচ বুদ্ধি খাটালে হত্যা না করে ফসল রক্ষা সম্ভব। সবচেয়ে কার্যকর উপায় হলো- একটু বড় ফাঁসের জাল দেওয়া। দেখা গেছে, জমিতে জাল দিলে পাখি কম আসে। ওরা বিপদের জায়গা বুঝতে পারে। পাখি যতটা না ফসল খায়, তার চেয়ে নষ্ট করে বেশি। এই বাস্তবতা এড়ানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে ছাদকৃষিতে শখের বশে যারা সবজি চাষ করেন। তারা পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হন বেশি। জমিতে সুতার মাধ্যমে সিডি ঝুলিয়ে রাখলেও পাখি দূর হয়। এতগুলো উপায় থাকতে কেন পাখিগুলো হত্যা করা হলো। শুধু তাই নয়, হত্যা করে তা ঝুলিয়ে রাখা হয়েছে। কী নিষ্ঠুর, কী নির্মমতা- ভাবা যায়?

পরকালে প্রাণী হত্যাকারীরা ভয়াবহ পরিণামের মুখে পড়বে। হাদিসে তাই বলা হয়েছে। এক হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) অন্যায়ভাবে প্রাণী হত্যাকারীর শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি চড়ুই বা তার চেয়ে ছোট কোনো প্রাণীকে অযথা হত্যা করে, তাকে আল্লাহ কেয়ামতের দিন সে বিষয়ে জিজ্ঞাসা করবেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল, পশুপাখির অধিকার কী? তিনি বলেন, পশুপাখির অধিকার হলো যথানিয়মে জবেহ করে ভক্ষণ করা এবং তার মাথা কেটে নিক্ষেপ না করা।’ -সুনানে নাসায়ি : ৪৩৫০

নবী কারিম (সা.) পশুপাখির প্রতি দয়া, ভালোবাসা দেখাতেন। দুঃখজনক হলেও সত্য, এই শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। একবার এক সাহাবি চড়ুই পাখির বাচ্চা নিয়ে আসেন। তখন মা পাখিরা অস্থির হয়ে মাথার ওপর ঘুরছিল। নবী কারিম (সা.) বলেন, বাচ্চা ছিনিয়ে নিয়ে কে তাকে কষ্ট দিয়েছে? তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও।’ -সুনানে আবু দাউদ

অন্য এক হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘প্রতিটি জীবিত প্রাণীর সেবার জন্য সওয়াব আছে।’ -সুনানে আবু দাউদ : ২৫৫০

যাপিত জীবনে বুদ্ধি খাটিয়ে আমরা অনেক কিছুই করে থাকি। তেমনি পাখি বা কোনো প্রাণী হত্যা না করে তাকে তাড়ানো যায়। আর তাদের প্রতি দয়া দেখালেও অসুবিধা নেই। বরংসওয়াব আছে।