‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘এলজিইডিতে যারা আছেন তাদের মেধা ও যোগ্যতা আছে। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।’

গতকাল বৃহস্পতিবার এলজিইডি সদর দপ্তরে কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন কাজের অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রমের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালার বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম বলেন, দেশ জুড়ে উন্নয়নের যে শক্ত ভিত রচিত হয়েছে তাতে এলজিইডির বিশেষ ভূমিকা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি পেশাদারি সংস্থা। যেকোনো কাজ সুচারুভাবে সম্পাদনে এলজিইডি তার দক্ষতা বারবার প্রমাণ করেছে।

কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা, তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি পরামর্শক ও সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলজিইডির সারা দেশের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা ওই কর্মশালায় অনলাইনে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি