১১ দিনেও প্রতিবেদন দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের আদেশের ১১ দিনেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন না আসায় আদালত আগামী রবিবার পরবর্তী দিন ধার্য করে। এর আগে গত ২২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তা না আসায় আদালত ২৫ জানুয়ারি (গতকাল) দিন ধার্য করে। আদালত সূত্র জানিয়েছে, একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ১৫ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ আয়ানের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয়। এ ছাড়া ইউনাইটেড হাসপাতালের নিবন্ধন (লাইসেন্স) কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সংশ্লিষ্ট চিকিৎসকদের সনদ কেন স্থগিত করা হবে না-রুলে সেটিও জানতে চায় হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার যথাযথ তদন্ত করে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক সপ্তাহের সময় দিয়ে নির্দেশ দেয় আদালত।

রিট আবেদনকারীর আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের আদেশের পর ১১ দিন পার হলেও স্বাস্থ্য অধিদপ্তরের কোনো প্রতিনিধি বা তাদের আইনজীবী আদালতে আসেননি। এটি প্রশ্নের উদ্রেক করে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ বলেন, ‘প্রতিবেদন না আসায় আদালত রবিবার পরবর্তী দিন ধার্য করেছেন।’

গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করাতে আয়ানকে বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা, মা। তবে চিকিৎসকদের অবহেলা ও ভুলের অভিযোগ করেন তারা। গত ৭ জানুয়ারি গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালের শিশু নিবির পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) লাইফ সাপোর্টে মৃত্যু হয় আয়ানের। আয়ানের মৃত্যুতে দেশ জুড়ে তোলপাড়ের পর ওই হাসপাতাল বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে এ ঘটনায় হাসপাতাল কর্র্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়ী করে মামলা করেছেন শামীম আহমেদ।